দেশের ব্যাংকিং খাতে নিট মুনাফায় নতুন ইতিহাস গড়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। বিদায়ী বছরে সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ কোটি টাকা, যা বাংলাদেশে কোনো ব্যাংকের জন্য সর্বোচ্চ। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ব্যাংকের মুনাফা দুই হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করল।
রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সভা শেষে রেকর্ড মুনাফার তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ১ হাজার ৪৩২ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৮১৯ কোটি টাকা, যা প্রায় ৫৭ শতাংশ প্রবৃদ্ধি।
একক ভিত্তিতে গত বছর ব্র্যাক ব্যাংক ১ হাজার ৫৮১ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের ১ হাজার ২১৪ কোটি টাকা থেকে ৩৬৭ কোটি টাকা বেশি—প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি। আর সহযোগী প্রতিষ্ঠানগুলো যুক্ত হলে মোট মুনাফা ২ হাজার ২০০ কোটি টাকার বেশি হয়েছে।
এর আগে ২০২৪ সালে ব্যাংকটি শেয়ারধারীদের ২৫ শতাংশ লভ্যাংশ (সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস) দিয়েছিল।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, শক্তিশালী সুশাসন, মূল্যবোধভিত্তিক কার্যক্রম এবং বিচক্ষণ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে প্রতিকূল বাজারেও ব্যাংকটি ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পেরেছে। গ্রাহকদের আস্থাই এ সাফল্যের মূল চালিকাশক্তি।
ব্যাংকটি আরও জানায়, তাদের মুনাফার একটি বড় অংশ বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক-এর কাছে যায়, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হয়। এভাবে জাতীয় উন্নয়নেও অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।



