এপ্রিল ২৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার একটি জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই পিএইচডি গবেষককে কয়েক দিন ধরে খোঁজা হচ্ছিল।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির একটি স্থান থেকে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকা—হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছাকাছি স্থান থেকেই দেহাংশ উদ্ধার করা হয়।

এর আগে, গত সপ্তাহে জামিল লিমন নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। পরে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার নিকটবর্তী একটি সেতু থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুগারিবেহকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ একাধিক কালো ট্র্যাশ ব্যাগে পচনধরা অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টির মরদেহও একইভাবে সরিয়ে ফেলা হয়েছিল।

তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সিবিএস নিউজ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print