এপ্রিল ২৭, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ, এমডির দায়িত্বে হাসান তারেক খাঁন

সরকারের এক বছরে অভ্যন্তরীণ ঋণ বেড়েছে দেড় লাখ কোটি টাকা

সমস্যায় জর্জরিত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খাঁনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

রোববার এ বিষয়ে জারি করা আদেশ আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে, তার মধ্যে আভিভা ফাইন্যান্সও রয়েছে।

প্রতিষ্ঠানটির আগের নাম ছিল রিলায়েন্স ফাইন্যান্স। সে সময় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার এবং চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম। পি কে হালদারের দায়িত্বকালেই প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক অনিয়মের শিকার হয় এবং খেলাপি ঋণের হার ৮০ শতাংশেরও বেশি বেড়ে যায়। পরবর্তীতে তিনি দেশত্যাগ করলে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপকে অপসারণের উদ্যোগের অংশ হিসেবে আভিভা ফাইন্যান্স থেকেও সরে যান সাইফুল আলম। এর পর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করে।

বর্তমানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. রফিকুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print