দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল-এর সদস্য তালিকায় এসেছে পরিবর্তন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মাহফুজ আনাম জেমস-এর দলে আর থাকছেন না দীর্ঘদিনের গিটারিস্ট সুলতান রায়হান খান রানা।
দেড় দশকেরও বেশি সময় ধরে নগর বাউলের সঙ্গে যুক্ত ছিলেন রানা। দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে জেমসের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে সম্প্রতি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরেই ব্যান্ডটির পারফরম্যান্সে দেখা যাচ্ছিল না তাকে।
সর্বশেষ পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও অনুপস্থিত ছিলেন রানা। ওই কনসার্টে জেমসের সঙ্গে গিটার বাজাতে দেখা যায় ইসমামুল ফরহাদ এলিনকে।
বিষয়টি নিশ্চিত করে জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় রানা ব্যান্ডকে প্রয়োজনীয় সময় দিতে পারছিলেন না। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তিনি দল ছাড়েন।
রানার স্থলাভিষিক্ত হয়ে গিটারিস্ট হিসেবে নগর বাউলে যোগ দিয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। গত মার্চে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডে যুক্ত হন তিনি। এর আগে ২০২০ সালে অতিথি শিল্পী হিসেবে নগর বাউলের সঙ্গে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার।
এলিন এর আগে শূন্য ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পান এবং সর্বশেষ চিরকুট ব্যান্ডে অতিথি সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
বর্তমানে নগর বাউলের লাইনআপে রয়েছেন—মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।



