পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ ‘ট্রু’ উইকেটে খেলে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসাই নয়, সিরিজটিও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। সেই একই ধারাবাহিকতা বজায় রেখে নিউজিল্যান্ড সিরিজেও এমন উইকেটেই খেলার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মিরাজ।
তিনি বলেন, “পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য।”
পাকিস্তান সিরিজের উদাহরণ টেনে মিরাজ আরও বলেন, “দ্বিতীয় ম্যাচে আমরা দ্রুত অলআউট হয়ে গেছি। পাকিস্তান প্রথম ম্যাচে ১১৪ রানে অলআউট হয়ে গেছে। কিন্তু ট্রু উইকেট ছিল।”
ট্রু উইকেটে ভালো খেলতে হলে ক্রিকেটারদের মানসিকতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় উইকেট ম্যানেজ করে খেলতে হয়। আমার কাছে মনে হয় এটার জন্য মানসিকতা গুরুত্বপূর্ণ। আর কীভাবে সে (ক্রিকেটাররা) প্র্যাকটিস করছে।”
সিরিজ প্রসঙ্গে অধিনায়ক আরও জানান, ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “দেখেন শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্যটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ ওয়াইজ প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জয় পাওয়ার জন্য।”



