ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩টি পদে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে মনোনীতরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র চেয়ারম্যান তাসমিয়া প্রধান; বাংলাদেশ খেলাফত মজলিস-এর নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় এই জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সংসদীয় বিধান অনুযায়ী, ওই আসনের ভিত্তিতে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে।
অপরদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৬টি আসন।



