এপ্রিল ২৪, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ

৭ বছর পর প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ১১ জুলাই

সাত বছরের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আগামী ১১ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, আগামী ২১ মে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সদস্যদের জন্য চাঁদা পরিশোধ ও সদস্যপদ নবায়নের সুযোগ রাখা হয়েছে ১১ মে পর্যন্ত।

এবারের নির্বাচনে বড় পরিবর্তন হিসেবে বহু আলোচিত ‘আম-মোক্তারনামা’ প্রথা বাতিল করা হয়েছে। ফলে প্রার্থী ও ভোটাররা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন। সমিতির নিয়ম অনুযায়ী, কোনো সিনেমা সেন্সর বোর্ডে পাসের চার বছর পর একজন প্রযোজক ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেন।

আগে একজন প্রযোজক একাধিক সিনেমা নির্মাণ করলে একাধিক ‘আম-মোক্তারনামা’ ব্যবহার করে অতিরিক্ত ভোটাধিকার পেতেন। তবে নতুন নিয়মে একজন প্রযোজক যত সিনেমাই নির্মাণ করুন না কেন, তিনি একজন ভোটার হিসেবেই গণ্য হবেন।

জানা গেছে, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১৫০ থেকে ১৬০ জনের মধ্যে হতে পারে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খোরশেদ আলম খসরু ও আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল)।

নির্বাচন প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, “দীর্ঘ সাত বছর পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে ইতিবাচক। এতদিন পর সদস্যরা আবারও গণতান্ত্রিকভাবে নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন। আমিও এই নির্বাচনে অংশগ্রহণ করবো।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print