ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই দর একইদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বেড়েছে, যা ভোক্তা পর্যায়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।



