এপ্রিল ২৩, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, নতুন ভাড়া কত হলো?

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, নতুন ভাড়া কত হলো?

ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ সারা দেশে আন্তজেলা বাসভাড়ায় কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই ভাড়া আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতে জ্বালানির দাম ওঠানামার সঙ্গে ভাড়াও সমন্বয় করা হবে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।

এই সমন্বয়ের ফলে মহানগরে বাসভাড়া বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ, আন্তজেলায় ৫ দশমিক ১ শতাংশ এবং ডিটিসিএ এলাকায় ৪ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নেতৃত্বাধীন কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সরকার সেটি অর্ধেকে নামিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে দীর্ঘদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়ানো হয়, যার প্রভাব পড়েছে পরিবহন খাতে। এ কারণে পরিবহন মালিক, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পর ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত রেল ও লঞ্চভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায়ও নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print