নতুন পেঁয়াজ বাজারে আসায় হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে দাম।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতিটি দোকানেই নতুন ‘হালি’ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৪০ টাকা। তবে বাজারে এখন আর পুরনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ পাওয়া যাচ্ছে না।
বিক্রেতারা জানান, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় এর সরবরাহ কমে গিয়ে গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। কিন্তু এখন নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন হালি জাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, বর্তমানে মোকামে পেঁয়াজের আমদানি অনেক বেশি। আগে যেখানে প্রতি মণ পেঁয়াজ ১০০০ থেকে ১৩০০ টাকায় কিনতে হতো, এখন তা ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পাইকারি বাজারে দাম কমায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে এভাবে সরবরাহ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কম।



