সরকারের কাছে জনগণের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই সরকার নতুনভাবে হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে তিনি সরকারের প্রতি জনগণের সব বকেয়া বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটকে উপেক্ষা করার চেষ্টা করছে। গণভোটের ফলাফলের ভিত্তিতে দ্রুত সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এসব অধ্যাদেশ পুনরায় বিল আকারে এনে আইনে পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। তবে এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সংস্কার ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত। বাংলাদেশকে তাই বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে যেতে হবে।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলামোটর থেকে এনসিপির একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মিছিলটি শাহবাগ ঘুরে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



