বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, একসময় আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহৃত এই স্টেডিয়ামকে আবারও সেই মর্যাদায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিসি ও বিসিবি–এর মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হবে।
তিনি আরও জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই ভেন্যুকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সবাই একমত হয়েছেন। আগামী জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ বিপিএল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এজন্য অল্প সময়ের মধ্যেই স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আমিনুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের খালি জায়গা চিহ্নিত করে মাঠ সংরক্ষণ ও নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার সরকারি পরিকল্পনাও রয়েছে, যাতে নতুন প্রজন্মের জন্য খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।
স্টেডিয়াম পরিদর্শনের সময় বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



