বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংশ্লিষ্ট সূত্র বলছে, এক-দুই দিনের মধ্যেই আইসিসি থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া আসতে পারে। এরপর বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ডে বড় ধরনের পরিবর্তন এলেও তা অস্বাভাবিক হবে না। তবে অনেকে মনে করছেন, এত দ্রুত পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া সহজ হবে না।
আরেকটি ধারণা রয়েছে, নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই বর্তমান বোর্ডের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, “পরিচালক থাকুক বা না থাকুক, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তবে এ ধরনের অনিশ্চয়তা থাকলে অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক। এমনকি বোর্ড ভেঙে গেলেও সঙ্গে সঙ্গে জরুরি কাজ চালাতে হবে।”
এদিকে, দুই দিন আগে তদন্ত কমিটি এনএসসিতে তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর সেটি আইসিসির কাছে পাঠানো হয়। একটি সূত্র জানিয়েছে, তদন্তে বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না—এমন প্রমাণ পাওয়া গেছে। বর্তমান পরিচালকদের মধ্যেও কয়েকজন এ বিষয়ে কমিটিকে তথ্য দিয়েছেন।
আজ মঙ্গলবার এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে এনএসসি। বোর্ড বিলুপ্ত হলে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে, যা তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে সম্ভাব্য সদস্যদের একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে, যেখানে সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে বিসিবির ২৫ পরিচালকের মধ্যে দায়িত্বে আছেন ১৭ জন। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সাতজন পরিচালক পদত্যাগ করেছেন।



