স্বামী হারানোর গভীর শোক বুকে নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি শমীক রায় চৌধুরী পরিচালিত ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, সিরিজটির শুটিংয়ের আর মাত্র তিন দিনের কাজ বাকি রয়েছে—১০, ১১ ও ১৩ এপ্রিল। ১০ এপ্রিল শুটিংয়ে অংশ নিলেও পরবর্তী দিনগুলোতে তিনি শুটিং করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কলকাতার বেহালার কাছাকাছি একটি লোকেশনে চলছে শুটিং।
পরিচালক শমীক রায় চৌধুরী শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি জানান, তিনি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
সিরিজটি প্রযোজনা করছেন বিক্রম চ্যাটার্জি এবং তাকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবেশ রায় চৌধুরী ও আয়ুশ দাস।
উল্লেখ্য, ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ের জন্য সমুদ্রতীরবর্তী তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মার্চ শুটিং চলাকালে সমুদ্রে পড়ে যান তিনি ও সহশিল্পী শ্বেতা মিশ্র। শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ৩০ মার্চ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।



