ঈদুল ফিতরে দেশজুড়ে সফল প্রদর্শনের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘রাক্ষস’। ইতালির রাজধানী রোমে ৬ এপ্রিল সিনেমা ব্রডওয়েতে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে ইউরোপীয় বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমে প্রথম দিনের প্রদর্শনীতে দর্শকদের সাড়া ছিল ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। এতে করে বিদেশি বাজারেও সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় রোমান্স ও সাসপেন্সের মিশেলে একটি ভিন্নধর্মী গল্প উপস্থাপন করা হয়েছে, যা বিভিন্ন শ্রেণির দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যেই তৈরি।
বাংলাদেশে মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষণীয়। শুরুতে মাল্টিপ্লেক্সে শো সীমিত থাকলেও দর্শক চাহিদা কমেনি; বরং বিভিন্ন হলে এখনো দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে। এ সপ্তাহে প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পেয়েছে, যেখানে প্রথম দিনে ৪১ লাখ টাকার বেশি আয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে আরও প্রায় ১০টি সিঙ্গেল স্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পরিচালক আশা প্রকাশ করেছেন, সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’-এর ভালো সূচনা অব্যাহত থাকবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে চিত্রায়িত এই সিনেমাটি নির্মাতা হৃদয়ের দ্বিতীয় কাজ; এর আগে তিনি ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন।



