এপ্রিল ১১, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ণ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি

আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমে যাওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলার (১ হাজার ৬৯১ কোটি ডলার)। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২০ বিলিয়ন ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) হালনাগাদ তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে আমদানি বাড়লেও রপ্তানি কমে যাওয়ায় এ ঘাটতি বেড়েছে। তবে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক চাপ কিছুটা কমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। গত বছর একই সময়ে রপ্তানি ছিল ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার। মূলত আগস্ট থেকে রপ্তানি কমার ধারা শুরু হয়, বিশেষ করে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাতে মন্দার প্রভাব পড়েছে।

অন্যদিকে, একই সময়ে পণ্য আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম আট মাসে আমদানি হয়েছিল ৪৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

যদিও বাণিজ্যঘাটতি বেড়েছে, তবু দেশের চলতি হিসাবের ভারসাম্যে কিছুটা উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের আট মাসে চলতি হিসাবের ঘাটতি কমে ১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

চলতি হিসাব মূলত দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন—যেমন আমদানি, রপ্তানি ও অন্যান্য আয়-ব্যয়ের চিত্র তুলে ধরে। এ হিসাবে ঘাটতি থাকলে তা পূরণে বৈদেশিক ঋণের প্রয়োজন হয়।

এদিকে আর্থিক হিসাবেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। আলোচ্য সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৪৩ কোটি ডলার।

বিশেষজ্ঞদের মতে, ট্রেড ক্রেডিট বৃদ্ধি পাওয়ায় আর্থিক হিসাবে এ উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ট্রেড ক্রেডিট দাঁড়িয়েছে ২৫৬ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। এর অর্থ, আগের রপ্তানির বকেয়া অর্থ দেশে এসেছে।

অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক হিসাবে ঘাটতি তৈরি হলে তা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি করে। ডলার সংকট তীব্র হয়ে ওঠার প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরের শুরুতে দেড় দশকের মধ্যে প্রথমবারের মতো এ হিসাবে ঘাটতি দেখা দিয়েছিল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর...

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। শুক্রবার শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের ওপর...

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান

পুনরায় হামলার সুযোগ থাকে—এমন যুদ্ধবিরতি চায় না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন,...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...