দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ গঠনের নির্দেশ দিয়েছে Ministry of Education Bangladesh। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
চিঠিটি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং Directorate of Secondary and Higher Education-এর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং Non-Government Teachers Registration and Certification Authority-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যা নিরসনে উপজেলা পর্যায়ে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন সাপেক্ষে এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
চিঠিতে বলা হয়, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের জরুরি খাত থেকে বহন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাসস



