‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদন পায়।
পাস হওয়া আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা ও আইনি কার্যক্রম প্রত্যাহারের পথ উন্মুক্ত হলো। আইন অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে।
এছাড়া, এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও আইনগত বাধা আরোপ করা হয়েছে।
এর আগে একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়। এর ফলে রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ করার আইনি ক্ষমতা সরকারের হাতে এসেছে। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টিও আইনি ভিত্তি পায়।



