ফ্যাসিস্ট তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থের প্রশ্নে বিএনপি কখনোই কোনো আপস বা চুক্তিতে যাবে না। ভারত-বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করার বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা হয়েছে। পাশাপাশি ‘হাদি’ হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রথম সফর কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সার্কভুক্ত কোনো দেশে সফরের সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো বিবেচনাধীন।



