শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, যিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
দলে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানার প্রত্যাবর্তন। দীর্ঘ সাত বছর পর আবারও ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি।
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে Sri Lanka women’s national cricket team। সেদিনই তারা রাজশাহীর উদ্দেশে রওনা দেবে এবং সেখানে দুই দিন অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ এপ্রিল। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল দুই দল যাবে সিলেটে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।



