যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আরও কঠোর ও সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র একদিনেই ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম এবং দেশটির জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালাতে পারে।
ট্রাম্প বলেন, “আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি… তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি।”
একই সাক্ষাৎকারে তিনি হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন। তার ভাষায়, ইরান কোনোভাবেই নির্ধারণ করতে পারে না কোন জাহাজ চলাচল করবে আর কোনটি করবে না। তিনি সতর্ক করে বলেন, সবার জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে, নইলে কারও জন্যই তা থাকবে না।
এ ছাড়া ট্রাম্প জানান, এই অবরোধ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হলেও এর পরিসর হবে আরও বড়। তার মতে, এতে করে আরও বেশি তেলবাহী ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে মুখ ঘুরাবে।
এই মন্তব্য এসেছে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার ব্যর্থতার পরিপ্রেক্ষিতে। আলোচনায় মূল মতবিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ট্রাম্পের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করছে।



