চট্টগ্রাম পোর্টে আরও দুটি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। জাহাজ দুটি হলো ‘সেন্ট্রাল স্টার’ এবং ‘এমইআই’। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে এসব জাহাজের পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটির ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমইআই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। আজকের মধ্যেই জাহাজ দুটি খালাস শেষ হওয়ার কথা রয়েছে। প্রাইড এজেন্সির মাধ্যমে এসব জাহাজ বন্দরে এসেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলপিজি ও এলএনজি বহনকারী কয়েকটি জাহাজ বন্দরে আসার অপেক্ষায় রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে পৌঁছাবে।
এদিকে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের আরও দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরেকটি এলএনজি পরিবাহী জাহাজও আজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।



