আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। শুক্রবার শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৫২.৬৭ ডলারে নেমে এসেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম এখনো প্রায় ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা টানা তৃতীয় সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করছে।
অন্যদিকে, জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার্স শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪,৭৭৬.৬০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে আগাম এবং বড় পরিসরে সুদের হার কমানোর সম্ভাবনা বিবেচনায় বিনিয়োগকারীরা অবস্থান নিচ্ছেন। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে, যা দামকে সামগ্রিকভাবে সমর্থন দিচ্ছে।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।



