যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, এমন কোনো যুদ্ধবিরতি তারা মেনে নেবে না, যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ করে দেয়। খবর Al Jazeera।
তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় সম্মতি হয়েছে।
রাভানচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে এমন সংলাপ নয় যা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং ভবিষ্যতে সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।
তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্রসজ্জিত হয়ে আবার হামলার সুযোগ দেয়। আমাদের মিত্রদের স্পষ্টভাবে জানানো হয়েছে, যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য হবে না।’
এদিকে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও উদ্বেগ—দুটোই বাড়ছে।



