ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পেয়েছে। আজ (১০ এপ্রিল) থেকে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত ছবিটি সেখানে প্রদর্শিত হচ্ছে।
ছবিটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল এবং পরিচালনা করেছেন রেদওয়ান রনি। যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশন করছে Bioscope Films।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, শুরুতে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পরিকল্পনা থাকলেও আগাম সাড়া পাওয়ায় আরও পাঁচটি শহর যুক্ত করে মোট সাত শহরে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, নিউইয়র্ক সিটির কুইন্স, লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড, গ্রেটার লস অ্যাঞ্জেলেসের মনিরো ভ্যালি, ক্যালিফোর্নিয়ার চিনো হিলস, আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার এবং কলোরাডোর বিভিন্ন হলে ‘দম’ প্রদর্শিত হচ্ছে।
রাজ হামিদ বলেন, ‘বনলতার পর দর্শক “দম” দেখতে যাবে কি না—সে বিষয়ে কিছুটা সংশয় ছিল। তবে প্রচারণার পর দেখা যাচ্ছে দর্শকদের আগ্রহ বেশ ভালো। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিও সন্তোষজনক।’
উত্তর আমেরিকায় বাংলা সিনেমার বাজার ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বলেও জানান তিনি। তার ভাষ্য, তামিল ও বলিউড ছবির মতোই এখন একাধিক বাংলা সিনেমাও একসঙ্গে প্রতিযোগিতায় নামছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর পাশাপাশি ‘দম’ও দর্শক টানবে বলে আশা করছেন তিনি।
আগামী ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ছবিটি। একই সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান ও আটলান্টাসহ আরও বিভিন্ন অঞ্চলে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, আগামী ২৪ এপ্রিল দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পাবে ‘দম’। সংশ্লিষ্টদের আশা, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সারভাইভাল ও আবেগঘন গল্প মফস্বলের দর্শকদেরও আকৃষ্ট করবে।



