দেশজুড়ে আগামী পাঁচ দিন গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার (১২ এপ্রিল) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কিছু স্থানে একই ধরনের আবহাওয়া থাকতে পারে।
রোববার রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এমন বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।



